গ্রামীণফোন ও টেলিটকের ভ্যাস সেবা তদন্তের দাবি

২৩ ডিসেম্বর, ২০২০ ১৪:০৬  
ভ্যালু এ্যাডেড সার্ভিস প্রোভাইডারদের সেবার মান নিয়ে নিরপেক্ষ তদন্ত ও অনৈতিকভাবে আদায়কৃত অর্থ গ্রাহকদের ফেরত প্রদানের দাবি জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। চিঠিতে গ্রামীণফোন ও টেলিটকের বিষয়েও তদন্তের আহ্বান জানিয়ে বলা হয়েছে, দেশের সর্ববৃহৎ ৭ কোটি ৭৫ লক্ষ গ্রাহক নিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের সেবা প্রদানের সাথে যুক্ত ভ্যালু এ্যাডেড সার্ভিস প্রোভাইডারদের বিষয়ে এখনো তদন্ত করা হয়নি। প্রতিনিয়তই এই ভ্যালু এ্যাডেড সার্ভিস প্রতিষ্ঠানগুলি গ্রাহকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করছে। যা পেনাল কোড ১৮৬০ ও টেলিকমিউনিকেশন আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ন্ত্রক কমিশন একটি বিচারিক প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হোক তা কোনভাবেই গ্রাহক ও দেশবাসী প্রত্যাশা করে না। আমাদের দাবি তদন্তের বাইরে থাকা ১৮১টি প্রতিষ্ঠানের তদন্ত অব্যাহত রাখতে সকল ষ্টেক হোল্ডারদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। একই সাথে গ্রাহকের কাছ থেকে অনৈতিকভাবে আদায়কৃত সকল অর্থ গ্রাহককে ফেরত প্রদান করা হোক। বুধবার বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এড. আবু বককর সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বিটিআরসি’র নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, গত আগস্ট ২০২০ইং বিটিআরসি’র লাইসেন্সকৃত ১৮৩টি ভ্যালু এ্যাডেড সার্ভিস প্রোভাইডারের মধ্যে মাত্র ২টি প্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। যার মধ্যে একটি অপারেটর গ্রাহকের অজান্তে ৪৩ লাখ ও অন্য অপারেটর ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। যার প্রেক্ষিতে মূল সেবাদানকারী ২টি প্রতিষ্ঠান বাংলালিংক ও রবিকে আপনারা চিঠি দিয়ে ও ডেকে সতর্ক করেছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, কমিশন গ্রাহক স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।