গোপনে আইফোনের ক্যামেরা চালু করছে ফেসবুক অ্যাপ!
গত পাঁচদিন ধরে গোপনে ব্যবহারকারীদের ফোনের ক্যামেরা সচল করছে ফেসবুক অ্যাপ! ক্যামেরা সংক্রান্ত একটি বাগের মাধ্যমে এমন ত্রুটি ধরা পড়েছে নতুন আইফোন অ্যাপ সংস্করণে সমস্যাটি ঠিক করার লক্ষ্যে দ্রুত নতুন আপডেট আনার জন্য কাজ করছে ফেসবুক।
অ্যাপে থাকা ওই বাগটি খুঁজে পেয়েছে প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ। দৈনিকটি জানিয়েছে, ব্যবহারকারী স্ক্রল করার সময় আদতে ছবি তুলছিল অ্যাপটি। এ বিষয়ে দৈনিকটির পর্যবেক্ষণে বলা হয়েছে, তোলা ছবি যদি ফোনে সেভ না-ই করা হয়, তাহলে ওই ছবিগুলো কোথায় থাকছে সে বিষয়টি মোটেও পরিষ্কার নয়।
তবে ফেসবুকের সততা এবং সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন জানিয়েছেন, বাগটির মাধ্যমে কারো কোনো ছবি, ফেসবুক অ্যাপ বা সার্ভারে সংরক্ষণ করা হয়নি।
অবশ্য নিউজফিডের কোনো ছবি বড় করার জন্য ট্যাপ করা মাত্র ক্যামেরা সচল হওয়ার এবং পরে আর সেটি বন্ধ হচ্ছে না বলে স্বীকার করেছেন রোজেন। তিনি বলছেন, বাগের কারণে সচল হচ্ছে ‘ক্যামেরা প্রিভিউ’। আর একবার সচলের পর নিউজফিডের অন্য কোথাও ট্যাপ করার আগ পর্যন্ত এটি সচল অবস্থাতেই থাকছে।
এদিকে বাগ সমস্যাটি নিয়ে গার্ডিয়ান ফায়ারওয়াল প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অ্যাপ সুরক্ষা বিশেষজ্ঞ উইল স্ট্র্যাফ্যাক বলেছেন, এটি খুবই সাধারণ গ্লিচ। এখনও ক্ষতিকর কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। চেষ্টা করেও অনুমতিবিহীন কোনো ছবি আপলোড করাতে পারিনি। সে হিসেবে বলা চলে, তেমন কোনো ঝুঁকি নেই। তবে ফেসবুকের ওপর মানুষ আস্থা হারিয়েছে বলেই বিষয়টি এতো গুরুত্ব পাচ্ছে।
ডিজিবাংলা/আএইচ