গুজবে বিভ্রান্ত না হতে পুলিশ সদর দফতরের আহ্বান
পুলিশ সদস্যদের নিরাপদে কর্মস্থলে যোগদানে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য যে আহ্বান জানানো হয়েছিল সেটির প্রেক্ষিতে তারা কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
তাদেরকে আসার পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সকল জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
একইসঙ্গে কর্মস্থলে আসার পথে পুলিশ সদস্যরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে প্রচারিত সংবাদের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।







