গাজীপুরে দেশের প্রথম অ্যামেচার রেডিও প্রদর্শনী অনুষ্ঠিত

১৪ মার্চ, ২০২০ ১০:৪৫  
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অ্যামেচার রেডিও প্রদর্শনী। শনিবার (১৩ মার্চ) গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার ফাউগান ইকো রিসোর্টে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাবের সংগঠক চৌধুরী আকবর হোসেন, মাহবুবুবর রহমান, আলাউদ্দিন আল আজাদ আলিফ এবং আসাদুজ্জামান লিমন প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অ্যামেচার রেডিও যেমন ওয়াকিটকি, বেজ রেডিও, অ্যান্টেনা, এসডব্লিউআর মিটারসহ বেতার যন্ত্রাংশ এবং টুলস প্রদর্শন করেন। এসময় বিতরণ করা হয় অ্যামেচার রেডিও সম্পর্কিত লিফলেট। আগত দর্শনার্থীদের ধারণা দেয়া হয় অ্যামেচার রেডিও বাণিজ্যিক ব্রডকাস্টিং, জননিরাপত্তা প্রদানকারী সংস্থা অথবা পেশাদার টু-ওয়ে সার্ভিস বিষয়ে। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ, সাধারণ সম্পাদক হাসান জাকির ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ে কর্মরত সাংবাদিকরা অ্যামেচার রেডিওর প্রদর্শনী উপভোগ করেন। প্রদর্শনীর আয়োজন করে দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের নিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব (বিএআরসি)। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।