গণিত চ্যাম্পিয়নশিপে ৬ স্বর্ণপদক বাংলাদেশের
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরে প্রথম বারেই যোগ দিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের ৬টি দল। স্বর্ণপদক ছাড়াও ১১ টি রোপ্য, ৭টি ব্রোঞ্জ এবং তিনটি মেরিটসহ ২৭ জনের সবাই পদক প্রাপ্ত হয়েছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে।
এদের মধ্যে বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র উছাইওয়াং মার্মা রৌপ্য পদক অর্জন করেছে। ২০১৬ সালে উছাইওয়াং মার্মা এই স্কুলের শিশু শ্রেণীতে ভর্তি হয়। এদিকে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাবক হলেন তার মা এবং নানি বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মো. নূর হোসেন।

তারমতোই অসাধারণ পারফরম্যান্সের কারণে ইন্ডিভিজ্যুয়াল রাউন্ডে রৌপ্যপদক অর্জন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার গ্রেড-৯ এর শিক্ষার্থী আয়ান জামান। তার হাত ধরেই এসেছে মর্যাদাপূর্ণ ‘টপ টিম’ অ্যাওয়ার্ড। এই অর্জন নিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস বলেন, “আয়ানের এ সাফল্য গণিতের প্রতি তার নিষ্ঠা, অধ্যবসায় ও প্রতিভারই প্রতিফলন। তার এ সাফল্য কেবল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার জন্য সম্মান বয়ে নিয়ে আসেনি; একইসাথে, বাংলাদেশের প্রতিভাকে বিশ্বের দরবারে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আয়ানের অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে; আগামীর জীবনে তাদের স্বপ্নপূরণে ও সফল হয়ে উঠতে উদ্যমী করে তুলবে।”
উল্লেখ্য, গাণিতিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে একটি প্রিমিয়ার গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে এই ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এই বছর জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং এডভান্সড এই তিন ক্যাটাগরিতে মোট ২৭ জন অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বিশ্বমঞ্চে।







