ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে যাচ্ছে টেসলার সদর দফতর
টেসলা শুধুমাত্র টেক্সাসের অস্ট্রিনে একটি কারখানা ভবন তৈরি করছে না। ক্যালিফোর্নিয়া থেকে এই শহরে নিজেদের সদর দফতরকে স্থানান্তরিত করছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
সম্প্রতি অংশীদারদের নিয়ে কোম্পানির বার্ষিক বৈঠকে টেসলা প্রধান ইলন মাস্ক এই ঘোষণা দিয়েছে। সেখানে তিনি এটিও পরিস্কার করে বলেন যে, ক্যালিফোর্নিয়া প্ল্যান্টে উৎপাদন আরও ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা আছে টেসলার।
মাস্ক বলেন, সমুদ্র অঞ্চলে বাড়ি ভাড়া অনেক বেশি হওয়ায় অনেক কর্মীই সেখানে বসবাস করতে পারেন না। ফলে তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে আসতে হয়। তাই ইচ্ছা থাকলেও এই অঞ্চলে কারখানা কিংবা অফিস বড় করার সুযোগ থাকে না।
টেসলার এই সিদ্ধান্ত মোটেও বিষ্ময়কর নয়। এর আগে মাস্ক ক্যালিফোর্নিয়া থেকে টেসলার সদর দফতর সরিয়ে নেয়ার হুমকি দিয়েছিলেন। করোনাভাইরাস লকডাউনে ঐ অঞ্চলে উৎপাদন বন্ধ রাখার সরকারি চাপের মুখে তিনি এই হুমকি দেন।
টেক্সাসে যাওয়ার পর মাস্ককে কম ট্যাক্স প্রদান করতে হবে। প্রদেশটিতে কোনো ব্যক্তিগত আয়কর দেয়ার প্রয়োজন নেই, তবে ক্যালিফোর্নিয়াতে দেশের সবথেকে বেশি পরিমানে আয়কর দিতে হতো। এছাড়া টেক্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাক্টের আওতায় কোম্পানির ট্যাক্স ছাড় পাবে টেসলা।
ডিবিটেক/বিএমটি