কলের কারণ দেখাবে গুগল ফোন অ্যাপ

২৯ জুন, ২০২০ ০৩:০৬  
আপনি যদি গুগলের ফোন অ্যাপ ব্যবহার করেন তাহলে শিগগিরই কল ধরার আগে জানতে পারবেন কেনো ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কল এসেছে। অ্যান্ড্রয়েড পুলিশের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, প্রযুক্তি জায়ান্টটি ‘ভেরিফায়েড কল’ নামে নতুন ফিচার আনছে। নতুন সাপোর্ট পেজ থেকে এই তথ্য জানতে পেরেছে অ্যান্ড্রয়েড পুলিশ। নতুন এই সুবিধায়, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের নাম্বার দিয়ে গুগলের ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে স্বীকৃতি পেতে হবে। এই নাম্বার ডেডিকেটেড ভেরিফায়েড কল সার্ভারে সংরক্ষিত থাকবে। কল করার আগে ব্যবসায় প্রতিষ্ঠানটিকে কল করার কারণ যেমন ‘ইন্টারনেট ইনস্টলেশন’ বা ফুড ডেলিভারি ইত্যাদি কারণ দেখাতে হবে। যখন কল করা হবে গ্রাহকের ফোন অ্যাপের কলের সময় এই তথ্য দেখাবে। ফলে ব্যবহারকারী কল ধরার আগেই সিদ্ধান্ত নিতে পারবেন সেটি গুরুত্বপূর্ণ কিনা। ডিফল্টভাবেই সেবাটি চালু থাকবে। তবে যদি আপনার নাম্বারটি গুগল অ্যাকাউন্টে সেভ করা না থাকে তাহলে সেটি দেখাবে না। এছাড়া গুগল ফোন অ্যাপ ব্যবহার না করলেও এটি চালু হবে না। ফোন অ্যাপটি স্যামসাংসহ জনপ্রিয় প্রায় সকল ফোনই সমর্থন করে। ডিবিটেক/বিএমটি