কর্মীদের নিয়ে গ্রামীণফোনের ম্যারাথন-ওয়াকাথন

৬ মার্চ, ২০২০ ১৭:৫৭  
সহকর্মীদের নিয়ে অফিসে নয়, দল বেঁধে দৌড় আর হাঁটার মধ্য দিয়ে দিন শুরু করলো গ্রামীণ ফোনের তিন শতাধিক কর্মী। প্রতি প্রান্তিকেই কর্মীদের কর্মদক্ষতা ও প্রবৃদ্ধিতে তাদের সুস্বাস্থ্যের অধিকারী করতে এমন আয়োজন করে দেশের শীর্ষ এই মোবাইল অপারেটরটি। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা এলকাস্থ ১০০ ফিট গেটে অনুষ্ঠিত হয় গ্রামীণ ফোনের ‘কোয়ার্টার ম্যারাথন এবং ওয়াকাথন ২০২০’। 'শারীরিক সুস্থতাই মূল'প্রতিপাদ্যে ওই গেট থেকে ৩.৫ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ক্যাটাগড়িতে হেঁটে এবং দৌড়ে এই পথ পাড়ি দেন আয়োজনে অংশগ্রহণকারীরা। অপারেটরটির প্রথম বাংলাদেশী প্রধান নির্বাহী ইয়াসির আজমানের নেতৃত্বে এই আয়োজনে অংশ নেন গ্রামীণ ফোন কর্মীরা। এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন বলেন, ‘কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের কর্মীদের জন্য আমরা নানা ধরনের কার্যক্রম পরিচালনা করি। এই ম্যারাথন ও ওয়াকাথন আয়োজন তারই একটি অংশ।’ প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০০৬ সালে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ডে-কেয়ার ‘হ্যাপি হার্টস’ চালু করে। কর্মক্ষেত্রে কর্মীদের সুস্বাস্থ্যের জন্য গ্রামীণফোনে ইনডোর ফিটনেস সেন্টার, ফুটসল প্লেগ্রাউন্ড এবং ইনডোর গেমের সুবিধা রয়েছে।