করোনা: অস্ট্রেলিয়ায় অ্যাপ ডাউনলোডের হিড়িক
উন্মুক্ত হওয়ার কয়েক ঘণ্টায় অস্ট্রেলিয়ায় ১০ লাখের বেশি মানুষ সরকারের ‘কন্টাক্ট ট্রেসিং’ অ্যাপ ডাউনলোড করেছেন।
কভিডসেফ (COVIDSafe) মোবাইল অ্যাপ ব্লুটুথের ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে করোনো রোগীর আশপাশে (১.৫ মিটার/৪.৯ ফুট) কেউ আসলেই উভয়পক্ষকে সতর্ক করছে। এ সময় সুস্থ মানুষের মোবাইলে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ নোটিফিকেশন যায়।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৬৯৪ জন নতুন এই রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮০ জন।
চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখজনকভাবে কমতে শুরু করেছে। রবিবার মাত্র ১৬ জনের খবর পাওয়া গেছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ টুইটে জানান, দশ লাখ মানুষ অ্যাপ ডাউনলোড করেছেন।
সবাইকে ডাউনলোডের আহ্বান জানিয়ে মন্ত্রী লেখেন, সবাই আমাদের সাহায্য করুন। দয়া করে আমাদের সঙ্গে যোগ দিন।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, পর্যাপ্ত মানুষ অ্যাপটি ডাউনলোড করলে সামাজিক দূরত্বের বিধিনিষেধ তুলে দেয়া হতে পারে। এ জন্য তিনি মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষের ফোনে এই অ্যাপ চান।