একুশে বিসিএস কম্পিউটার সিটি
২১ বছরে পদার্পন করেছে দেশের সবচেয়ে পুরনো ও সুবৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি পণ্যের মার্কেটপ্লেস 'বিসিএস কম্পিউটার সিটি'।
এদিকে ‘আস্থার ২০ বছর’ স্লোগানে প্রতিষ্ঠার বিশ বছর উদযাপন করছে বিসিএস মার্কেট কমিটি। উৎসব উপলক্ষে মার্কেটের অভ্যন্তরে ও বাহিরে বিভিন্ন ব্যানার, বেলুন ও জাঁকজমকপূর্ণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আনুষ্ঠানিকতা শেষ হলেও মার্কেট জুড়ে রয়েছে উৎসবের আমেজ।
গত ১ জানুয়ারি কেক কেটে শুরু হয় উৎসব। উদ্বোধন করেন মার্কেট কমিটির আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু)। চার দিন ধরে চলে নানা আয়োজন। মার্কেট কমিটির পক্ষ থেকে সকল ক্রেতাদের ফেসবুক চেকইন এর মাধ্যমে শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করা হয় গ্রাহক-ক্রেতা ও শুভানুধ্যায়ীদের।
কর্মসূচির অংশ হিসেবে মার্কেটের নীচতলায় ৪টি ব্র্যান্ড আসুস, গিগাবাইট, ইন্টেল ও টিপি-লিংক এর পণ্য প্রদর্শনীর জন্য রোড শো, স্ক্র্যচ কার্ডের মাধ্যমে বিভিন্ন পুরস্কারের সুযোগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রচারণার ব্যবস্থা করা হয়।