ইলন মাস্ক কেনার পর টুইটারের আয় নেমেছে অর্ধেকে

১৭ জুলাই, ২০২৩ ০৮:৪৭  

বহুল আলোচিত ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন চালু করেও টুইটারের বিজ্ঞাপনী আয় ৫০ শতাংশ কমেছে। টুইটারের নতুন মালিক, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারের নগদ প্রবাহ এখনও পর্যন্ত নেগেটিভ অবস্থানে রয়েছে। কারণ বিজ্ঞাপন সংক্রান্ত আয় প্রায় ৫০ শতাংশ কমেছে। এছাড়াও একটি বড় ঋণের বোঝা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত করছে, শুধু আক্রমণাত্মক খরচ কমানোর পদক্ষেপগুলো টুইটারের নগদ প্রবাহকে ইতিবাচক অবস্থানে নিয়ে আসার জন্য যথেষ্ট নয়। টুইটারের বিজ্ঞাপন সংক্রান্ত আয়ের ক্ষেত্রে ইলন মাস্ক যে আশা করেছিলেন তা সেই হারে বাড়েনি। যার ফলে আয় এখনও নেগেটিভ রয়েছে।

এর আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটার ২০২৩ সালে তাদের ঋণবিহীন ব্যয় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে কমিয়ে এনেছে। এছাড়াও টুইটারের একটি ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। যার অধীনে টুইটারকে বার্ষিক ১.৫ বিলিয়ন বার্ষিক সুদ প্রদান করতে হয়।