ইলন মাস্ক এখন টুইটারের সর্বোচ্চ অংশীদার

৪ এপ্রিল, ২০২২ ২২:০১  
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সবচেয়ে বড় অংশীদার এখন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বর্তমানে তিনি টুইটারের ৯.২ শতাংশ শেয়ারের মালিক। আর তার এই সর্বোচ্চ অংশীদার হওয়ার পরপরই টুইটারের শেয়ার মূল্য প্রায় ২৫ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স। সম্প্রতি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরিতে ‘সিরিয়াস’ হওয়ার বিষয়ে টুইট করে বেশ আলোচনার জন্ম দেন মাস্ক। ধারণা করা হয়েছিলো, তিনি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করতে যাচ্ছে। কিন্তু টুইটারের সর্বোচ্চ অংশীদার হওয়ার বিষয়টি অনেককে ভিন্নভাবে ভাবাচ্ছে। ইলন মাস্ক টুইটারের সাত কোটি ৩৫ লাখ শেয়ার কিনেছেন। এর মাধ্যমে তিনি মাইক্রোব্লগিং সাইটটির ৯.২ শতাংশ শেয়ারের মালিক বনে যান। আর এর ফলে শুক্রবার লেনদেন শেষ হওয়ার আগে টুইটারের তার সম্পদের পরিমান প্রায় ৩০০ কোটি ডলারে পৌছায়। ইলন মাস্ক নিজেও টুইটারের একজন সক্রিয় ব্যবহারকারী। ২০০৯ সালে তিনি টুইটারে যুক্ত হন। বর্তমানে তার আট কোটির উপরে ফলোয়ার রয়েছে। ডিবিটেক/বিএমটি