ইউটিউবে শতাধিক পরিবর্তন

৩ আগষ্ট, ২০১৯ ১২:১৬  
অভিভাবকদের উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের নির্দেশে অনুসন্ধান, রিকমেন্ডেশনে শতাধিক পরির্তনসহ সম্প্রতি আপডেট ভার্সন ছেড়েছে ইউটিউব। এ বিষয়ে ব্লুমবার্গ-কে ইউটিউবের মুখপাত্র আইভি চই বলেছেন, ‘প্রতিবছরে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে একশরও বেশি পরিবর্তন নিয়ে আসি। যেন গ্রাহকরা খুব সহজেই তাদের পছন্দের কনটেন্টগুলো উপভোগ করতে পারেন। আর সম্প্রতি আমরা যে পরিবর্তন এনেছি তা গ্রাহকদেরকে প্রাসঙ্গিক ফ্যামিলি কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করবে।’ ইউটিউবের রিকমেন্ডেশন লিস্টকে এখন ঢেলে সাজানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভিডিও রিকমেন্ডেশন অ্যালগোরিদম এখন একজন ইউজারকে সবচেয়ে প্রাসঙ্গিক এবং মানসম্পন্ন কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করবে।’ ইউটিউবের ‘রিকমেন্ডিং’ লিস্ট থেকে শিশু-কিশোরদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে এমন অপ্রত্যাশিত ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা পালন বিষয়ে তিনি জানিয়েছেন, সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ভিডিও শেয়ার, শিশু কিশোরদের ওপর অপ্রত্যাশিত কনটেন্টের প্রভাব ইত্যাদি নানা অভিযোগ ওঠায় ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিকার হিসেবে অশ্লীল ভিডিও, আক্রমণাত্মক এবং ক্ষতিকর ভিডিও প্রকাশ করে এমন চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, শিশুদের ভিডিও কনটেন্টে ক্ষতিকর, নেতিবাচক কমেন্ট বন্ধ করতে কমেন্ট সেকশনটি হাইড করা হয়েছে।