আজ থেকে ঢাকায় বসছে প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ

৬ নভেম্বর, ২০২২ ১১:২৬  
প্রথমাবারের মতো বাংলাদেশে আয়োজনে রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)। গ্রামিংয়ের বিশ্বকাপ নামে পরিচিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে (ওয়ার্ল্ড ফাইনালস) ৭০টির বেশি দেশ থেকে ১৩৭টি দল অংশ নেবে। বাংলাদেশ থেকে  অংশ নিচ্ছে ৮টি দল।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৮ নভেম্বর আইসিপিসির ৪৫তম আসরের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখানেই ৪ নম্বর হলে ১০ নভেম্বর বেলা ১১টায় শুরু হবে মূল প্রতিযোগিতা। ছয় ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রশ্ন বা সমস্যার সমাধান করতে হবে। পরীক্ষা পরিচালনা করবেন আইসিপিসির বিচারক পর্ষদ। পুরো প্রতিযোগিতা হবে ইন্টারনেটযুক্ত কম্পিউটারে। সবচেয়ে বেশি সমস্যা সমাধান করা দলকে ওয়ার্ল্ড ফাইনাল বিজয়ী ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে বিজয়ী দল পাবে চ্যাম্পিয়নস ট্রফি, সনদ এবং ১৫ হাজার ডলার। অঞ্চলভিত্তিক সর্বোচ্চ নম্বর পাওয়া ১২টি দলকে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। সর্বোচ্চ নম্বর পাওয়া চারটি দলকে স্বর্ণপদক দেওয়া হবে। পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য রৌপ্য এবং নবম থেকে দ্বাদশ স্থানের জন্য আছে ব্রোঞ্জ পদক। ১১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এর আগে ৭ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মহড়ার পাশাপাশি দলগুলোর নিবন্ধন সম্পন্ন করে কনসার্ট আয়োজন করা হবে। ৮ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৯ নভেম্বর হবে মহড়া। রবিবার আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে আনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। এরপর বক্তব্য রাখেন আয়োজনের সহ-আয়োজক জেট ব্রেইন এর বিনিয়োগ বিভাগের এসভিপি এবং গবেষণা ও শিক্ষা বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট অন্ড্রে ইভ্যানভ; পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হুয়াওয়ে’র কর্পোরেট কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিকি ঝ্যাং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ভিসি কামরুল হাসান। বক্তব্যে পৃষ্ঠপোষক ও সহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইসিপিসি ফাউন্ডেশনের সভাপতি ড. উইলিয়াম বি পাউচার বলেন,  বিশ্বে বাংলাদেশ আইসিটি খাতে ভালো করছে। এসিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আইসিপিসিতেও তারা ভালো করছে। এই প্রতিযোগিতা প্রোগ্রামারদের দক্ষতাকে বাড়িয়ে দেয়। তাদেরকে সমাধান মুখী করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।