আগামী বছরে মাধ্যমিকে যুক্ত হচ্ছে রোবটিক্স
আগামী বছরেই দেশের স্কুলের পাঠ্য কার্যক্রমে যুক্ত হচ্ছে রোবটিক্স। শুরুতে ঢাকাসহ বড় কিছু শহরের হাতে গোনা কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে পড়ানো হবে। পরে সেই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে জাতীয় পর্যায়ে চালুর সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা অনুসারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তথ্যপ্রযুক্তি বিষয়ের সঙ্গে রোবটিক্স পড়ানো হবে।
এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতা নিচ্ছে মন্ত্রণালয়। পাঠ্য ঠিক করার জন্যে এর মধ্যে কয়েকটি বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করেছে সরকার। চাইনিজ প্রতিষ্ঠান ইবিটেক রোবটিক্স (UBTECH Robotics)এর সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই প্রতিষ্ঠানটি ভিয়েতনাম, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশের মাধ্যমিক পর্যায়ে রোবটিক্স শিক্ষাদানের পাঠ্য তৈরিতে সে সব দেশের সরকারকে সহযোগিতা করেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।
এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেন, রোবটিক্স ছাড়া যে সামনের দিনে অর্থনীতি অচল হয়ে পড়বে সেটি বুঝতে আর কারো বাকি নেই। সে কারণেই বিষয়টি বাচ্চাদের পড়াশোনার মধ্যে নিয়ে আসতে চান বলেও নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি বলেন, ‘পরীক্ষা সফল হলে ২০২১ সালের পাঠ্যক্রমে রোবটিক্সকে অন্তর্ভূক্ত করতে চেষ্টা করবো। আলাদা বিষয় না হলেও অন্তত যাতে আইসিটির একটি বড় অংশ হিসেবে স্কুলে এটি পড়ানো হয় তার চেষ্টা থাকবে’ বলছিলেন নওফেল।তিনি বলেন, রোবটিক্স বিষয়ে বাংলাদেশ খুবই পিছিয়ে পড়া অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে মাধ্যমিকে চালু করা হলেও আসলে মালয়েশিয়া বা ভিয়েতনামে যেটি প্রথমিক পর্যায়ে পড়ানো হয় সেটিই বাংলাদেশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়ানো হবে। সরকার পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স ল্যাব প্রতিষ্ঠা করে সেখানে স্পন্সর করার বিষয়টিও রয়েছে।