আইফোনের জনক নয় অ্যাপল, জন্ম ১৯৯৮ সালে

২৪ মে, ২০২১ ০২:৫০  
আইপড এবং আইম্যাকের ওপর অ্যাপলের একচ্ছত্র অধিকার থাকলেও বিশ্বে আইফোন নামের ডিভাইস প্রথম চালু করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইনফোগিয়ার। অবশ্য ১৯৯৮ সালে এটি বাজারজাত করার সময় বলা হতো ‘ইন্টারনেট টাচ স্ক্রিন টেলিফোন’। নিচ থেকে টেনে কি-বোর্ড বের করে এনে টাইপ করতে হতো এই টেলিফোনে। এর সাদাকালো ‘টাচ স্ক্রিন’ব্যবহারের জন্য একটি স্টাইলাস দেওয়া হতো। পুরোনো সে আইফোনে ওয়েবসাইট দেখা এবং ই-মেইল ব্যবহারের সুযোগ ছিল। আর ২ মেগাবাইট র‍্যামের এই ফোনে অন্তত ২০০টি ই-মেইল রাখা হতো। তখন ফোনটি কিনতে ৫০০ ডলারের কিছু কম খরচ হতো। আর ইন্টারনেট ব্যবহারের জন্য মাসে গুনতে হতো কমপক্ষে ৯ দশমিক ৯৫ ডলার। ১৯৯৯ সালে সেটির নতুন মডেল বাজারে ছাড়ার পর আইফোন বানানো বন্ধ করে দেয় ইনফোগিয়ার। ২০০০ সালের শুরুর দিকে ইনফোগিয়ার কিনে নেয় মার্কিন নেটওয়ার্কিং প্রতিষ্ঠান সিসকো সিস্টেমস। এরমাধ্যমে হাত বদল হয় আইফোন ট্রেডমার্কের মালিকানার। এরপর ২০০৭ সালে আইফোনের ঘোষণা দেয় অ্যাপল।