অস্ট্রেলিয়ায় সংবাদ দেখানো বন্ধ করল ফেসবুক

১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫২  
অস্ট্রেলিয়ায় সংবাদ কনটেন্ট দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক। অস্ট্রেলিয়ার বাইরে থেকেও দেশটির সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনের জেরে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ায় ফেসবুকের নিউজফিডে সংবাদ দেখানো বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া সরকার বলেছে, এই পদক্ষেপের ফলে ফেসবুকের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হবে। ফেসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে বলে খবর দিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেন্ট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেইজও তারা দেখতে পারছেন না। সংবাদ মাধ্যমের পেজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেইজও সকালে বন্ধ করে দিয়েছিল ফেসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেইজ বন্ধ করা হয়েছিল ‘ভুল করে’।