সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রোবট তৈরির চ্যালেঞ্জ

১১ সেপ্টেম্বর ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেন

  • ১১–১২ সেপ্টেম্বর ঢাকায় আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
  • ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল গঠনের প্রক্রিয়া শুরু
  • গত আট আসরে ১৫ গোল্ডসহ ৯৪ পদক পেয়েছে বাংলাদেশ

১১ সেপ্টেম্বর ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেন
৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৩  

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: রোবোটিকস, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার জাতীয় প্রতিযোগিতার মধ্য দিয়ে ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে অনলাইন বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতা প্রদর্শনের অন্যতম সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ নিয়ে নবমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল প্রতিপাদ্য ‘Cultural Heritage Service Robots’। সাংস্কৃতিক ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরা, তা বোঝার সুযোগ তৈরি করা এবং সংরক্ষণে সহায়তা করতে পারে—এমন রোবট ও প্রযুক্তিগত সমাধান তৈরির ধারণাকে এবারের আয়োজনে গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় পর্বের প্রথম দিন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ১২ সেপ্টেম্বর হবে মিশন চ্যালেঞ্জ ও রোবটিকস কুইজ। একই দিন অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতার জন্য ১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলে। এ সময়ে দেশের আট বিভাগে ১২টি রোবোটিকস কর্মশালার মাধ্যমে প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রশিক্ষকেরা।

এরপর ২৮ ও ২৯ আগস্ট অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরাই জাতীয় পর্বে অংশ নিচ্ছে।

দুই দিনব্যাপী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন এবং উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর মুন সাদিয়া দিপ্তী।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্বের হোস্ট ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

আয়োজনে গোল্ড স্পনসর উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কো. লিমিটেড।

বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড গত নয় বছর ধরে কাজ করছে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের পাশাপাশি দেশজুড়ে রোবোটিকস শিক্ষার বিস্তারেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গত আটটি আসরে বাংলাদেশ দল ১৫টি গোল্ড মেডেলসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।

এবার জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হবে। ওই ক্যাম্পে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দল গঠন করা হবে। গঠিত দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

//ডিবিটেক/ এমআইপি/এসএমই/এমআইএসটি//