এডব্লিউজি-৩৭-এর তৃতীয় দিনে ৬জি ও স্যাটেলাইট

এনটিএন, স্পেকট্রাম, এআই ও ওয়্যারলেস পাওয়ারে খসড়া সুপারিশ চূড়ান্ত

  • এডব্লিউজি-৩৭-এর তৃতীয় দিনে ৬জি, এআই-নেটিভ নেটওয়ার্ক, স্যাটেলাইট ও এনটিএন নিয়ে কারিগরি পর্যালোচনা
  • ৬৯৮–৮০৬ ও ৬৪২৫–৭১২৫ মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম সমন্বয় ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা
  • ৪০ দেশের ৩৯৫ প্রতিনিধি ৫২ সেশনে ভবিষ্যৎ বেতার যোগাযোগের কাঠামো এগিয়ে নিচ্ছেন

এনটিএন, স্পেকট্রাম, এআই ও ওয়্যারলেস পাওয়ারে খসড়া সুপারিশ চূড়ান্ত
৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৬  

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ৬জি প্রযুক্তি, নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (এনটিএন), ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন ও দুর্যোগকালীন পাবলিক ওয়ার্নিং ব্যবস্থার আন্তর্জাতিক কারিগরি কাঠামো এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৩৭তম এপিটি ওয়্যারলেস গ্রুপ (এডব্লিউজি-৩৭) সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে চলমান পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বুধবার দিনব্যাপী চারটি ভেন্যুতে সমান্তরাল কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে ভবিষ্যৎ প্রজন্মের বেতার যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সুপারিশ, প্রতিবেদন ও প্রযুক্তিগত দলিল পর্যালোচনা করা হয়।

সম্মেলনে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) মহাসচিব মাসানোরি কোন্দো, এপিটি ওয়্যারলেস গ্রুপের সভাপতি দেয়জুং কিম এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত রয়েছেন।

এডব্লিউজি-৩৭-এ ৪০টি সদস্য দেশের ৩৯৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৬৮ জন সশরীরে এবং ২২৭ জন ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। ঢাকায় সরাসরি অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে ১২০ জনের বেশি আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন। রেডিসন ব্লুর গ্র্যান্ড বলরুম, লহরী, মল্লিকা ও মাধবী মিলনায়তনে সম্মেলনের মোট ৫২টি সেশন অনুষ্ঠিত হচ্ছে।

স্যাটেলাইট ও এনটিএন

তৃতীয় দিনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের একটি ছিল সাব-ওয়ার্কিং গ্রুপ অন স্যাটেলাইট সিস্টেমস (SWG-SAT)-এর অধিবেশন। লহরী কক্ষে গ্রুপটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এনটিএন ও টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (টিএন) মাল্টি-অপারেটিং সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

চীন থেকে INP-27 এবং জাপান থেকে INP-37-এর ভিত্তিতে ড্রাফট রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি স্ট্যান্ডার্ডাইজেশন প্রোগ্রাম (এস্টাপ), আইটিইউ-আর ডব্লিউপি ৪বি, ডব্লিউপি ৫ডি এবং আইটিইউ-টি স্টাডি গ্রুপ ১৩-এর লিয়াজোঁ স্টেটমেন্ট নিয়েও আলোচনা হয়।

আধুনিক স্যাটেলাইট অ্যাপ্লিকেশনের চাহিদা নিয়ে প্রশ্নমালার ভিত্তিতে কম্বোডিয়া, জাপান, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অ্যামাজন সিঙ্গাপুর, ইউটেলস্যাট এশিয়া, জিএসওএ, মিয়াস্যাট, এসটিসিএল ও টেলিস্যাট থেকে পাওয়া ইনপুটও নথিভুক্ত করা হয়।

স্পেকট্রাম সমন্বয়ে ৬৯৮–৮০৬ মেগাহার্টজ

সাব-ওয়ার্কিং গ্রুপ অন স্পেকট্রাম অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড হারমোনাইজেশন (SWG-SA&H)-এর অধিবেশনে ৬৯৮–৮০৬ মেগাহার্টজ ব্যান্ডে আইএমটি বাস্তবায়নসংক্রান্ত APT/AWG/REC-08 সংশোধনী চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

চীনের হুয়াওয়ের প্রতিনিধি মিস ইয়ে মিন (Ms. Ye Min)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রেডিও ফ্রিকোয়েন্সি বিম ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশনের (WPT) ফ্রিকোয়েন্সি পরিসরসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ওয়ার্কিং গ্রুপ টেরেস্ট্রিয়ালকে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৬জি ও এআই-নেটিভ নেটওয়ার্ক

সাব-ওয়ার্কিং গ্রুপ অন আইএমটি টেক (SWG-IMT-TECH)-এর অধিবেশনে আইএমটি-২০৩০ বা ৬জি প্রযুক্তির ব্যবহারক্ষেত্র এবং ৬৪২৫–৭১২৫ মেগাহার্টজ ব্যান্ডের প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।

জাপানের এনটিটি-এর ইয়াসুহিরো কাতো (Yasuhiro Kato)-এর নেতৃত্বে অনুষ্ঠিত অধিবেশনে দক্ষিণ কোরিয়ার INP-47 প্রস্তাবে উত্থাপিত ‘এআই-নেটিভ নেটওয়ার্ক’ ধারণা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এডব্লিউজির অধীনে এআই-সংক্রান্ত একটি স্বতন্ত্র গ্রুপ গঠনের কর্মপরিধি নির্ধারণ করা হয়।

এর আগে সকালে অনুষ্ঠিত ৬জি কর্মশালায় এআই-সংক্রান্ত বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয়।

ওয়্যারলেস পাওয়ারে নতুন সুপারিশ

টাস্ক গ্রুপ অন ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন (TG-WPT)-এর যৌথ চেয়ারদের নেতৃত্বে বিভিন্ন প্রযুক্তি ও প্রয়োগক্ষেত্র নিয়ে সুপারিশপত্র তৈরির কাজ এগিয়ে নেওয়া হয়।

এর মধ্যে ছিল জাপানের INP-46-এর রেডিও ফ্রিকোয়েন্সি বিম ডব্লিউপিটি, চীনের INP-23 ও INP-24-এর এনএফসি ওয়্যারলেস চার্জিং, দক্ষিণ কোরিয়ার INP-50-এর বৈদ্যুতিক যানের ওয়্যারলেস চার্জিং এবং চলমান যন্ত্রপাতিতে ওয়্যারলেস পাওয়ার সরবরাহসংক্রান্ত সুপারিশ।

দুর্যোগে পাবলিক ওয়ার্নিং

অন্যদিকে মাধবী কক্ষে টাস্ক গ্রুপ অন পাবলিক প্রোটেকশন অ্যান্ড ডিজাস্টার রিলিফ (TG-PPDR)-এর অধিবেশন অনুষ্ঠিত হয়। চেয়ার হিউনহি কু (Hyounhee KOO)-এর সভাপতিত্বে আইএমটি ও অন্যান্য নেটওয়ার্কে দুর্যোগকালীন পাবলিক ওয়ার্নিং সার্ভিসেস সংক্রান্ত APT/AWG/REP-115-এর সংশোধনী পর্যালোচনা করা হয়।

এ ছাড়া আইটিইউ-ডি স্টাডি গ্রুপ ১-এর জন্য প্রস্তুত করা খসড়া উত্তরপত্র AWG-37/TMP-01 অনুমোদন করা হয়।

এডব্লিউজি-৩৭-এর এসব কারিগরি অধিবেশনের মাধ্যমে ৬জি, স্যাটেলাইট, এনটিএন, স্পেকট্রাম, ওয়্যারলেস পাওয়ার ও দুর্যোগকালীন যোগাযোগব্যবস্থায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ প্রযুক্তিগত ও নীতিগত সমন্বয়ের ভিত্তি আরও এগিয়ে নেওয়া হচ্ছে।

//ডিবিটেক/আইএইচ/ এনএপি/ এমআইএসটি//