রূপপুরে আগুন অস্থায়ী ভবনে নির্মাণ-কমিশনিং স্বাভাবিক
- Pioneer Base-এর অস্থায়ী ভবনে আগুন; মূল পারমাণবিক স্থাপনা অক্ষত
- নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি
- তদন্ত কমিটি আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে
ঢাকা, ৯ সেপ্টেম্বর, বুধবার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের Pioneer Base-এর একটি অস্থায়ী ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এতে বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনা, নির্মাণ কার্যক্রম বা কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ।
এক যৌথ বিবৃতিতে বুধবার জানানো হয়, ৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে Pioneer Base-এর একটি অস্থায়ী ভবনে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে অবস্থিত।
ফলে এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম প্রভাবিত হওয়ার সুযোগ নেই। বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমও স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
দুটি কক্ষের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত
ঘটনার পর ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে। পরে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।
অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাব, ডকুমেন্টস, তথ্যপ্রযুক্তি (IT) ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত ডকুমেন্টের পর্যাপ্ত ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। ফলে তথ্য সংরক্ষণ ও প্রকল্পের কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না বলে জানানো হয়েছে।
এসি থেকে আগুনের প্রাথমিক ধারণা
প্রাথমিকভাবে Split-type AC-এর indoor unit-এর ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের Fire Safety Procedure অনুসরণ করে একটি Investigation Committee গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যে ঘটনাটি অবহিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
//ডিবিটেক/এসএএসপি/আরকেই/এমআইএসটি//





