মোবাইল সাংবাদিক ও প্রযুক্তি নির্মাতাদের জন্য ৮.২ সংস্করণে বিশেষ সুবিধা
কিনেমাস্টারে বিনামূল্যে ওয়াটারমার্কমুক্ত ভিডিও এডিটিং সুবিধা
- কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওয়াটারমার্কবিহীন ফুল রেজল্যুশন ভিডিও এক্সপোর্টের সুযোগ দিচ্ছে কিনেমাস্টার
- নতুন ৮.২ আপডেটে প্রতিদিন প্রথম পাঁচটি ভিডিও বিজ্ঞাপন ছাড়াই এক্সপোর্ট করা যাবে এবং এডিটিং স্ক্রিনে জোরপূর্বক বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে
- দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে প্রযুক্তি দলের সঙ্গে আলোচনার পর নভেম্বর থেকে দেশের জন্য এ সুবিধ
বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও মোবাইল সাংবাদিকদের (মোজো) জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া পেশাদার ভিডিও তৈরির প্রযুক্তিগত সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও সম্পাদনা প্ল্যাটফর্ম কিনেমাস্টার (KineMaster)। কোনো ধরনের পেইড সাবস্ক্রিপশন ছাড়াই সফটওয়্যারটির আসন্ন ৮.২ সংস্করণ থেকে এই সেবা কার্যকর হবে। আগামী নভেম্বর মাস থেকেই দেশের ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার গাংনামে কিনেমাস্টারের বৈশ্বিক প্রধান কার্যালয়ে ২ সেপ্টেম্বর, বুধবার প্রতিষ্ঠানটির গ্লোবাল ম্যানেজমেন্ট ও কোর সফটওয়্যার ডেভেলপমেন্ট দলের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ টাইমস-এর মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ অংশ নেন। ওই বৈঠকেই বাংলাদেশের বাজারের জন্য আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষ।
বৈঠকে কিনেমাস্টার কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেম এবং মোবাইল সাংবাদিকতার সম্প্রসারণকে প্রাধান্য দিয়ে এই প্রযুক্তিগত সুবিধা দেওয়া হচ্ছে। নতুন আপডেটের ফলে সাধারণ ব্যবহারকারীরাও সফটওয়্যারটির লোগো বা ওয়াটারমার্ক ছাড়া স্বচ্ছন্দে উচ্চ রেজল্যুশনে ভিডিও এক্সপোর্ট বা রেন্ডার করতে পারবেন।
ব্যবহারকারীর অভিজ্ঞতা নির্বিঘ্ন করতে অ্যাপ্লিকেশনের বিজ্ঞাপন প্রদর্শনের এলগরিদমেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এডিটিং ইন্টারফেসে প্রবেশের সময় ব্যবহারকারীদের ওপর আর কোনো অযাচিত বিজ্ঞাপন চাপিয়ে দেওয়া হবে না। এছাড়া প্রতিটি ডিভাইসে প্রতিদিন প্রথম পাঁচটি ভিডিও কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়াই সরাসরি এক্সপোর্ট করা যাবে। তবে দৈনিক পাঁচটির বেশি ভিডিও রেন্ডার করতে হলে প্রক্রিয়া শুরুর পূর্বে একটি বিজ্ঞাপন দেখার নিয়ম রাখা হয়েছে।
বৈঠক শেষে সাব্বির আহমেদ জানান, এডিটিং প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের কাজের গতি বাড়ানোর ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রথম বাংলাদেশি মোবাইল সাংবাদিক হিসেবে তিনি প্রতিষ্ঠানটির নীতিনির্ধারক ও প্রধান প্রযুক্তি দলের সামনে স্থানীয় ক্রিয়েটরদের মাঠপর্যায়ের কাজের বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ তুলে ধরেন, যার ফলশ্রুতিতে এই সমঝোতা তৈরি হয়।
জানা গেছে, কিনেমাস্টারের নতুন কোডবেসে ট্যাবলেট ও বড় পর্দার ডিভাইসের জন্য ইউজার ইন্টারফেস (ইউআই) অপ্টিমাইজ করা হয়েছে। এছাড়া ক্রোমবুকের জন্য একটি পূর্ণাঙ্গ পিসি-স্টাইল এডিটিং প্যানেল যুক্ত করার প্রযুক্তিগত পরিকল্পনা নিয়ে কাজ করছে সফটওয়্যার প্রকৌশলীরা। চলতি সপ্তাহ থেকেই বাংলাদেশের ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে হালনাগাদ সংস্করণের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন।
//ডিবিটেক/বিটিএস/এসএমই/এমআইএসটি//





