প্রতি শুক্রবার নতুন-রিকন্ডিশন্ড-ব্যবহৃত গাড়ির কেনাবেচা

আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

  • নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ
  • থাকছে অটো লোন ও গাড়ি ফাইন্যান্সিং সুবিধা

আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৪  

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ সাপ্তাহিক কারবাজারে প্রতি শুক্রবার একই জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা ও বিক্রেতারা।

৪ সেপ্টেম্বর, শুক্রবার আইসিসিবিতে সাপ্তাহিক এ কার হাটের উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের সিইও আরিফুজ্জামান রাসেল, আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ দেশের অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গাড়ি ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন গাড়ি ও বাইকিং কমিউনিটির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, ‘নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক ছাদের নিচে যাচাই করার সুযোগ এবং পাশাপাশি সহজ ফাইন্যান্সিং সুবিধার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি স্বচ্ছ ও সুবিধাজনক আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সুপারসেল কারবাজার।’

আয়োজকরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি বেচাকেনার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে গাড়ির মালিক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেশের অটোমোবাইল বাজারকে আরও গতিশীল করতেও ভূমিকা রাখবে সুপারসেল কারবাজার।

সুপারসেল কারবাজারের অন্যতম বিশেষ আকর্ষণ হলো গাড়ি কেনাবেচার পাশাপাশি ক্রেতারা সরাসরি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অটো লোন, গাড়ি ফাইন্যান্সিং এবং অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এতে গাড়ি কেনার পুরো প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হওয়ার সুযোগ তৈরি হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ কারবাজার। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বাজার।

আগ্রহী ক্রেতারা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখে নিজেদের পছন্দের গাড়ি নির্বাচন করতে পারবেন। পাশাপাশি যাঁরা গাড়ি বিক্রি করতে চান, তাঁরাও তাঁদের গাড়ি সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন।

আয়োজকদের প্রত্যাশা, সুপারসেল কারবাজার খুব শিগগিরই গাড়িপ্রেমী এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে প্রতিষ্ঠিত হবে।
//ডিবিটেক/ বিএনও/এনএএম/এসএমই//