জাকার্তায় আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীর স্বর্ণজয়

জাকার্তায় আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীর স্বর্ণজয়
৬ জুন, ২০২৬ ১২:৫৫  

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী।

প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানের এই আন্তর্জাতিক সাফল্যে শিক্ষক দম্পতি আনন্দ প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপানপ্রবাসী বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল শিক্ষার্থীর এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিদ্যালয়টি নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। প্রিয়ন্তের এই সাফল্যে বিদ্যালয় পরিবার গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

৬ জুন, শনিবার সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর (কো-অপারেশন অ্যান্ড বিজনেস) ড. অ্যন্ডি হাদিয়ান্তো।

এর আগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৭টি দেশের ৪৭০টি দল অংশ নেয়। বিভিন্ন উদ্ভাবনী ও বৈজ্ঞানিক প্রকল্পের মধ্যে থেকে সেরা ৩০টি দলকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যেই স্বর্ণপদক অর্জন করেন এম এ সায়েম প্রিয়ন্ত।

//ডিবিটেক/এপিও/এমইউএম//