ভূমি’র ডিজিটালাইজড কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ
রাজধানী ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস (মোহাম্মদপুর সার্কেল) পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এসময় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজড কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে সেবা প্রদান প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংশ্লিষ্ট ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পে উপস্থিত উপস্থিত নাগরিকদের সাথে মতবিনিময় করেন সচিব সালেহ আহমেদ। সেবা কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও মতামত শুনেন। গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ১১ এপ্রিল।
১০ এপ্রিল, শুত্রবারের এই পরিদর্শনে ভূমি মালিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন ভূমি সচিব। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এমদাদুল হক চৌধুরী এবং ভূমি অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: পারভেজ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসএইচ/ইকে



