২০২৬ সালে যেসব পণ্যের বিদায় ঘণ্টা বাজালো অ্যাপল
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের গ্রাহকদের দীর্ঘমেয়াদে ডিভাইস ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য সুপরিচিত হলেও সময়ের সাথে সাথে পুরোনো ডিভাইসগুলোর কার্যকারিতা তুলে নিতে বাধ্য হয়। বাজারে নতুন মডেলের আইফোন, অ্যাপল ওয়াচ, ম্যাকবুক কিংবা ডিসপ্লে আসার পর পুরোনো অনেক মডেলকে তারা বাজার থেকে সরিয়ে নেয় অথবা সেগুলোতে নতুন সফটওয়্যার হালনাগাদ দেওয়া বন্ধ করে দেয়। চলতি ২০২৬ সালেও এমন বেশ কয়েকটি জনপ্রিয় পণ্যের বিদায় ঘণ্টা বাজিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন ও ট্র্যাকিং ডিভাইসে পরিবর্তন
সাশ্রয়ী মূল্যের আইফোন হিসেবে গত বছর বাজারে আসা 'আইফোন ১৬ই'-এর বিক্রি বন্ধ করে একই দামে দ্বিগুণ স্টোরেজসহ নতুন 'আইফোন ১৭ই' নিয়ে এসেছে অ্যাপল। ফলে পুরোনো ১৬ই মডেলটি প্রাতিষ্ঠানিক বাজার থেকে বাদ পড়েছে।
একইভাবে ২০২১ সালে বাজারে আসা প্রথম প্রজন্মের ‘এয়ারট্যাগ’-এর জায়গায় শক্তিশালী ইউ২ চিপ ও উচ্চ শব্দের স্পিকারযুক্ত নতুন সংস্করণ উন্মোচন করায় পুরোনো ট্র্যাকিং ডিভাইসটির উৎপাদন বন্ধ করা হয়েছে।
অন্যদিকে নতুন 'আইফোন ১৮ প্রো' সিরিজ বাজারে আসার পরপরই চলতি বছরের আইফোন ১৭ প্রো মডেলগুলো অ্যাপলের মূল স্টোর থেকে সরিয়ে ফেলা হবে।
টেলিভিশন, ল্যাপটপ ও ট্যাবলেট
চলতি বছর উন্মোচিত হতে যাওয়া 'টিভিওএস ২৭' অপারেটিং সিস্টেমের কারণে ২০১৫ সালের 'অ্যাপল টিভি এইচডি' এবং ২০১৭ সালের প্রথম প্রজন্মের 'অ্যাপল টিভি ফোরকে' ডিভাইসে সফটওয়্যার সাপোর্ট বন্ধ হচ্ছে।
কম্পিউটার ও ল্যাপটপের ক্ষেত্রে এম৫ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো বাজারে আসায় এম৪ চিপচালিত ল্যাপটপগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে এম৪ চিপের নতুন আইপ্যাড এয়ার আসায় এম৩ আইপ্যাড এয়ারের অফিসিয়াল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্মার্টওয়াচ, ডিসপ্লে ও ডেস্কটপ
অ্যাপল ভক্তদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে 'ওয়াচওএস ২৭' হালনাগাদ। এই নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপল ওয়াচ সিরিজ ৬ থেকে ৮, প্রথম প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই মডেলগুলোতে আর নতুন ফিচার যুক্ত হবে না। ডিসপ্লের ক্ষেত্রে পুরোনো 'প্রো ডিসপ্লে এক্সডিআর'-এর বদলে বাজারে এসেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 'স্টুডিও ডিসপ্লে এক্সডিআর'।
এছাড়া যন্ত্রাংশ পরিবর্তনের সীমিত সুবিধা এবং অতিরিক্ত দামের কারণে দীর্ঘদিনের 'ম্যাক প্রো' ডেস্কটপ লাইনআপ বন্ধ করে শক্তিশালী 'ম্যাক স্টুডিও'-কে সর্বাধুনিক ডেস্কটপ হিসেবে সামনে এনেছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি





