আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের প্রেস্টিজ অ্যাওয়ার্ড পেল বাক্কো
আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (IAIILC) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সেবা খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়ামের (IAIILC) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটিকে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়েছে।
২৫ জুলাই, শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাক্কোর হাতে এ পুরস্কার তুলে দেন। সংগঠনের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবন, সুশাসন, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, সাইবার নিরাপত্তা উদ্যোগ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বাক্কোর ধারাবাহিক ভূমিকা ও সাংগঠনিক উৎকর্ষের ভিত্তিতেই এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বাক্কোর মতে, এই আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে সংগঠনটির দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি। নীতি সহায়তা, শিল্প উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।
পুরস্কার গ্রহণের পর বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পের জন্য একটি গর্বের অর্জন।
তিনি বলেন, এই সম্মাননা সদস্য প্রতিষ্ঠান, শিল্প অংশীদার, সরকারি অংশীজন এবং খাতটির উন্নয়নে অবদান রাখা হাজারো পেশাজীবীকে উৎসর্গ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তুলতে বাক্কো কাজ অব্যাহত রাখবে।
বাক্কো আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (IAIILC) এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (UHF)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় সহযোগিতার জন্য সরকার, উন্নয়ন সহযোগী, সদস্য সংগঠন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতিও ধন্যবাদ জানিয়েছে।
সংগঠনটি জানায়, এই অর্জন বাংলাদেশকে আউটসোর্সিং ও ডিজিটাল সেবার অন্যতম বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনভিত্তিক শিল্প গড়ে তোলার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
//ডিবিটেক/কিউএমএইচ/এসএমই//





