অ্যাপল ও ওপেনএআই-এর বিরুদ্ধে এক্সএআই-এর অ্যান্টিট্রাস্ট মামলা
বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফেডারেল আদালতে অ্যাপল ও ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, এ দুটি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখছে। খবর রয়টার্স।
এক্সএআই দাবি করেছে, অ্যাপল এবং ওপেনএআই-এর মধ্যে একচেটিয়া চুক্তির কারণে এক্স অ্যাপ ও গ্রোক অ্যাপকে অ্যাপ স্টোরে প্রাপ্য গুরুত্ব দেওয়া হচ্ছে না। মামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মাস্ক সামাজিক মাধ্যমে লিখেছেন, “গড়ে ৪.৯ রেটিং সহ লাখো রিভিউ থাকা সত্ত্বেও অ্যাপল গ্রোককে কোনো তালিকায় স্থান দিচ্ছে না।”
অ্যান্টিট্রাস্ট বিশেষজ্ঞদের মতে, এই মামলা যুক্তরাষ্ট্রের আদালতকে প্রথমবারের মতো এআই বাজারের একচেটিয়া আধিপত্য নিয়ে রায় দেওয়ার সুযোগ করে দিতে পারে। মামলাটি ভবিষ্যতে এআই খাতে প্রতিযোগিতা নীতির রূপরেখা নির্ধারণেও প্রভাব ফেলতে পারে।
ডিবিটেক/বিএমটি







