হামলার তীব্র নিন্দা

বাঁধনের পাশে এনসিপির দুই নেতা

  • আসিফ মাহমুদের পূর্ণ সংহতি
  • বাঁধনকে নিয়ে গর্বিত সারজিস
  • ইতালিতে আইনি বিচারের দাবি

বাঁধনের পাশে এনসিপির দুই নেতা
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯  

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই ঘটনায় বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন তিনি। অন্যদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাঁধনকে নিয়ে গর্বিত হওয়ার পাশাপাশি তার পাশে থাকার কথা জানিয়েছেন।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ প্রতিক্রিয়া জানান। এর আগে ৭ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে পৃথক পোস্ট দেন সারজিস আলম।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। ৭ সেপ্টেম্বর রাতে ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে গেলে তিনি হামলা ও হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন। পরে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

আসিফ মাহমুদের নিন্দা

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও অভিনেত্রী বাঁধনের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা এবং তাকে শারীরিকভাবে আঘাত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

তার ভাষ্য, একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে, সেই নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠনের পলাতক নেতা-কর্মীরা এখনো হামলা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। তার মতে, এই ঘটনা পরাজিত ও নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পুরোনো সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ।

জুলাইয়ের গণ-আন্দোলনে বাঁধন সাহসের সঙ্গে রাজপথে ছিলেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে বাঁধন নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তার ওপর হামলা প্রমাণ করে, পরাজিত সন্ত্রাসী শক্তি এখনো প্রতিশোধ ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি থেকে বের হতে পারেনি।

আসিফ মাহমুদ বলেন, হামলা, ভয় দেখানো কিংবা সহিংসতার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। ইতালির মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার সঙ্গে জড়িতদের দেশটির প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে এনসিপির মুখপাত্র বলেন, জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।

বাঁধনের পাশে সারজিস

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে বাঁধনকে নিয়ে গর্বিত হওয়ার কথা জানান। বাঁধনকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

বাঁধনের ওপর হামলাকারীদের তীব্র সমালোচনা করে সারজিস আলম তাদের ‘খুনিদের দালাল’, ‘বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু বাঁধনের আশা করা উচিত নয়।

বাঁধনের উদ্দেশে সারজিস আলম আরও লিখেছেন, ‘আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’

//ডিবিটেক/এফবিপি/ডিএসই/এফওই//