বাংলাদেশিদের জন্য ফিলিপাইনের ই-ভিসা চালু , আবেদন অনলাইনে

বাংলাদেশি নাগরিকদের জন্য ৮ জুন থেকে চালু হলো ফিলিপাইনের ই-ভিসা। পর্যটন ভিসার আবেদন এখন অনলাইনে করা যাবে। সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি ভিসার ফি, আবেদন পদ্ধতি এবং ই-ট্রাভেল নিবন্ধনের বিস্তারিত জানুন।

বাংলাদেশিদের জন্য ফিলিপাইনের ই-ভিসা চালু , আবেদন অনলাইনে
৮ জুন, ২০২৬ ১০:৩৬  

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর ঘোষণা দিয়েছে ফিলিপাইন। ফলে ৮ জুন, সোমবার থেকে পর্যটন উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে প্রচলিত স্টিকার ভিসা ইস্যু প্রক্রিয়া পর্যটন ভিসার ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হচ্ছে।

ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, পর্যটন উদ্দেশ্যে অস্থায়ী সফরের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকরা এখন থেকে সরকারি ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের অনলাইনে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভিসা ফি দূতাবাসে জমা দিতে হবে।

অনুমোদিত ই-ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীরা তা ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। ভ্রমণের সময় ডিজিটাল অথবা প্রিন্ট কপি উভয়ই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করা যাবে।

দূতাবাস আরও জানিয়েছে, ফিলিপাইনে প্রবেশের আগে ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার কমপক্ষে ৭২ ঘণ্টা পূর্বে অনলাইন ই-ট্রাভেল নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-ভিসা অনুমোদনের পর এই নিবন্ধন বাধ্যতামূলক এবং প্রবেশ বন্দরে সম্ভাব্য জটিলতা এড়াতে এটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ই-ভিসা শুধুমাত্র পর্যটন ভ্রমণের জন্য প্রযোজ্য। এই ভিসা অন্য কোনো ধরনের ভিসায় রূপান্তর করা যাবে না এবং অনুমোদিত অবস্থানকালও বাড়ানো যাবে না। যারা উচ্চশিক্ষা, কর্মসংস্থান বা অন্যান্য দীর্ঘমেয়াদি উদ্দেশ্যে ফিলিপাইন যেতে চান, তাদের দূতাবাসে প্রচলিত স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে।

দূতাবাসের প্রকাশিত ফি কাঠামো অনুযায়ী, সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৮০ টাকা। ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ১৩ হাজার ৮৬০ টাকা এবং এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ১৯ হাজার ১৪০ টাকা।

//ডিবিটেক/বিটিও/এমআই//