হুয়াওয়েকে নিয়ে এখনো শঙ্কায় মার্কিন বাণিজ্য মন্ত্রী

১৮ জুন, ২০২০ ১৫:৪৭  
৫জি মান নির্ধারণে হুয়াওয়েকে অংশগ্রহণের অনুমতি দিলেও নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়টি এখনও থেকেই যাচ্ছে বলে মনে করছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস। ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য মন্ত্রী বলেন, মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় যে নীতিমালা দিয়েছে তা সমন্বয় আনতে সহায়তা করবে। কিন্তু ‘সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও চিন্তিত থাকবে’ এবং ‘৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে থাকবে’। গুপ্তচরবৃত্তি অত্যন্ত বাস্তব একটি সমস্যা উল্লেখ করে “এটা এমন কিছু নয় যে আমরা হুয়াওয়েকে সহায়তা করছি। আমরা যেটা করছি তা হলো, বৈশ্বিক মানে যাতে ভারসাম্য থাকে সেই ব্যবস্থা করছি। ৫জিতে সার্বজনীনতা নিশ্চিত করতেই এমনটা করছি”- যোগ করেন রস। তবে এমন শঙ্কার মধ্য দিয়েই বৃহস্পতিবার হুয়াওয়েকে কালোতালিকাভুক্তি থেকে বাদ দিয়ে নতুন নীতিমাল প্রকাশ করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।