সক্ষমতার বৃদ্ধির কর্মশালা করলো বিডি সার্ট

৬ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪১  
নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পের অধীন সার্বিক কার্যক্রম নিয়ে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা করলো তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন বিজিডি ই-গভ সিআইআরটি (বিডি সার্ট)। সোমবার  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিডি ই-গভ সিআইআরটি প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ। উপস্থাপনায় বিজিডি ই-গভ সিআইআরটি -এর সার্বিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির এই পরিচালক। সেমিনারে সংস্থার সক্ষমতা বাড়াতে প্রকল্পের টিম সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রের সার্বিক কার্যক্রমের বিশদ উপস্থাপনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা, সাইবার সেন্সর, থ্রেট ইন্টেলিজেন্স, ডিজিটাল ফরেনসিক, সোশ্যাল মিডিয়া সচেতনতা এবং ডিজিটাল সার্টিফিকেট অপারেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মোঃ খায়রুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত  নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব রীনা পারভীন।