মানব সভ্যতার ইতিহাসে ‘উষ্ণতম’ মাস জুলাই ২০২৩
বিশ্ব জুড়ে বাড়ছে তাপমাত্রা, লাগামহীনভাবে চড়ছে পারদের সূচক। বিজ্ঞানীদের মতে, বিশ্ব উষ্ণায়নের এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে পৃথিবীর জলবায়ু। যার ফলে গোটা পৃথিবীর গড় তাপমাত্রায় অস্বাভাবিক চড়াই দেখা গিয়েছে। এমনকি চলতি জুলাই মাসের এখনও কয়েকদিন বাকি থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, এই জুলাই মাস উষ্ণতার সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত কয়েক শতক এমনকি মানব সভ্যতার ইতিহাসে চলতি জুলাই মাস ইতিমধ্যেই উষ্ণতম মাস হিসেবে ধরা দিয়েছে।
শেষবার ২০১৯ সালের জুলাই মাসকে উষ্ণতম মাস হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি জুলাই মাস সেই ২০১৯ সালের রেকর্ডও খুব সহজেই ভেঙে দিয়েছে। কিছু গবেষকদের এমনও ধারণা, এই জুলাই হয়তো গত ১ লক্ষ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস।
এই অতিরিক্ত তাপমাত্রা চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্বের সমস্ত দেশের সর্বস্তরের গবেষক ও পরিবেশবিদদের কপালে। এই প্রসঙ্গে জাতিসঙ্ঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস জানিয়েছেন, "আমাদের গ্রহটি ধীরে ধীরে ‘গ্লোবাল বয়েলিং’ যুগের দিকে এগোচ্ছে।"
বিশ্ব জুড়ে এই নজিরবিহীন তাপমাত্রা বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। পৃথিবীর জলবায়ুর এই দ্রুত পরিবর্তনকে তিনি 'অস্তিত্বগত হুমকি' বলে দাবি করেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের এই মারাত্মক প্রভাবকে আর কেউ অগ্রাহ্য করতে পারবে না।
বিজ্ঞানীদের মতে পৃথিবীর তাপমাত্রায় এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহার। আসন্ন সপ্তাহগুলোতে বিশ্ব জুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।
ডিবিটেক/বিএমটি







