ভারতে নিষিদ্ধ হতে পারে পাবজি-সহ আরও ২০০ চীনা অ্যাপ

২৭ জুলাই, ২০২০ ১২:০৬  
৫৯টির পর এবার আরো ২০০টি চীনা অ্যাপ বন্ধ করতে যাচ্ছে ভারত। ইতোমধ্যেই ২৭৫টি অ্যাপ যাচাই বছাই করছে দেশটির সরকার। এর মধ্যে জনপ্রিয় পাবজি গেমের নামও রয়েছে। তালিকায় রয়েছে শাওমির জিল্লি এবং আলিবাবা গ্রুপের একটি শপিং পোর্টালও। আর এর মাধ্যমেই চীনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ এর অংশ হিসেবে ফের বেইজিংকে ‘ধাক্কা’ দিতে চলেছে নয়াদিল্লি। অভিযোগ তালিকায় থাকা অ্যাপগুলো গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন চিনা সংস্থার কাছে পাচার করে দিচ্ছে। এর আগে গত ২৯ জুন টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানারের মতো ৫৯টি জনপ্রিয় চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সে সময় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছিলেন, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনের ৬৯ক ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।