চট্টগ্রামে তিন দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা শুরু
চট্টগ্রামে রোববার (২৮ জুন) শুরু তিন দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা। সরকারি বিভিন্ন খাতের ডিজিটাল কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ মেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মেলায় ডিজিটাল বাংলাদেশের গত ১১ বছরের কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও সম্প্রসারণ ব্যানার-পোস্টারসহ নানা মাধ্যমে তুলে ধরা হবে। গতকাল শনিবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেলার সমন্বয়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন। এতে অংশ নেন সহকারী কমিশনার গালিব চৌধুরী।
শরীফ হোসেন জানান, জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে 'ডিজিটাল মেলা ২০২০' ট্যাবে মেলায় জেলার আওতাধীন সরকারি বিভিন্ন দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম চারটি বিষয়ভিত্তিক অনলাইন প্যাভিলিয়নের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে 'মুজিব কর্নার' নামে একটি প্যাভিলিয়নও রাখা হয়েছে।
এবারের ডিজিটাল মেলা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। দর্শনার্থীরা ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের উদ্যোগ ঘরে বসে সহজেই দেখতে পারবেন। মেলার উদ্বোধন কিংবা সমাপনীর তেমন আনুষ্ঠানিকতা রাখা হয়নি। জুম অ্যাপসের মাধ্যমে মেলার দ্বিতীয় দিন 'কভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
ই-সেবা প্রদানকারী সরকারি দপ্তরগুলোকে প্যাভিলিয়ন ১ এ, ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, এজেন্ট ব্যাংকিং, রুরাল ই-কমার্স ও অন্যান্য প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন ২ এ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন ৩ এবং জেলা পর্যায়ে বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগগুলো প্যাভিলিয়ন ৪ এ তুলে ধরা হবে।