দেশের ৮ বিভাগের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাস ব্যবহারের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে গত সাত দিনে মাল্টিমিডিয়া ক্লাস ব্যবহারের হার ৪ দশমিক ২ শতাংশ। সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। বিভাগটিতে মাল্টিমিডিয়া ক্লাস ব্যবহারের হার শূন্য দশমিক ৭ শতাংশ।
এই হারই বলছে, অনলাইনে ক্লাস চললেও তার নিবন্ধ হচ্ছে না। এমন পরিস্থিতির উত্তরণের জন্য সোমবার থেকে দেশে থাকা ২৪ হাজার ৮১৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনায় অনলাইনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে প্রতিটি ক্লাস এমএমসি ড্যাশবোর্ডে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) প্রধানদের ই-মেইলে অবহিত করেছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
নির্দেশনায় জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক অষ্টম সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাভাবিক কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইনে গৃহীত শ্রেণি কার্যক্রমের নিয়মিত তথ্য এমএমসি অ্যাড এর মাধ্যমে ড্যাশবোর্ডে এন্ট্রি করতে হবে।
নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং সরাসরি মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য
এমএমসি অ্যাড এর মাধ্যমে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। স্বাভাবিক কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইনে গৃহীত শ্রেণি কার্যক্রমের নিয়মিত তথ্য এমএমসি ড্যাশবোর্ডে এন্ট্রি করতে হবে।