কাস্টম সোশ্যাল ফিড তৈরি করে দেবে ব্লুস্কাইয়ের ‘অ্যাটি’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই তাদের প্ল্যাটফর্মের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়ক ‘অ্যাটি’ চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা জে গ্রেবার ও তার ‘এক্সপ্লোরেশন’ টিম এই টুল তৈরি করেছে, যা ব্যবহারকারীদের কোড না লিখেই সহজ ভাষায় নির্দেশ দিলেই তৈরি করে দেবে কাস্টম ফিড। খবর এনগ্যাজেট।
অ্যাটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক ‘এটি প্রোটোকল’-এর ওপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরল ভাষায় টাইপ করেই ফিড তৈরি করতে পারবেন। যেমন: ‘আমার নেটওয়ার্কের লোকদের কাছ থেকে ইলেকট্রনিক মিউজিক ও এক্সপেরিমেন্টাল সাউন্ড দেখাও’ অথবা ‘এজেন্ট ইনফ্রাস্ট্রাকচার ও ওপেন প্রোটোকল ডিজাইনে কাজ করা নির্মাতাদের দেখাও’।
গ্রেবার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, “এটি সফটওয়্যার কনফিগার করার চেয়ে কথোপকথনের মতো মনে হয়। আপনি কী ধরনের পোস্ট দেখতে চান তা বলে দিন, কোডিং এজেন্ট তা অনুযায়ী ফিড তৈরি করে দেবে।”
অ্যাটি ব্লুস্কাই থেকে আলাদা একটি অ্যাপ। ব্যবহার না করার স্বাধীনতা থাকবে ব্যবহারকারীর। তবে দুটো অ্যাপ একই ফ্রেমওয়ার্কে তৈরি হওয়ায় ভবিষ্যতে দুটির মধ্যে ক্রস-অ্যাপ ইমপ্লিমেন্টেশন থাকতে পারে। আপাতত অ্যাটি ইনভাইট-অনলি ক্লোজড বিটায় চালু হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইটে অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি



