অ্যাপলের এম৫ ম্যাকবুক উৎপাদন শুরু হতে যাচ্ছে

অ্যাপলের এম৫ ম্যাকবুক উৎপাদন শুরু হতে যাচ্ছে
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২২  

অ্যাপল তাদের সর্বশেষ ল্যাপটপ এম৫ ম্যাকবুকের উৎপাদন প্রক্রিয়া শিগগিরই শুরু করতে যাচ্ছে। ব্লুমবার্গের মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার এবং দুটি নতুন ম্যাক মনিটরের ব্যাপক উৎপাদনের দ্বারপ্রান্তে রয়েছে প্রতিষ্ঠানটি। এগুলো চলতি বছরের শেষ থেকে আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে বাজারে আসতে পারে। খবর এনগ্যাজেট।

গারম্যানের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সাধারণত শরতে ম্যাকবুক প্রো উন্মোচন করে এবং পরের বসন্তে আপডেটেড ম্যাকবুক এয়ার বাজারে আনে। এবারও সেই সময়সূচি অনুসরণের সম্ভাবনা রয়েছে। তবে জুলাই মাসে গারম্যান জানিয়েছিলেন, অভ্যন্তরীণ পরিকল্পনায় ২০২৬ সালের শুরুতেই ম্যাকবুক প্রো বাজারজাত করার লক্ষ্য নিয়েছে অ্যাপল।

এছাড়া দুটি নতুন ম্যাক মনিটরের মধ্যে একটি হতে পারে হালনাগাদ স্টুডিও ডিসপ্লে। ২০২২ সালের মার্চে প্রথম বাজারে আসা এই মনিটরটি নতুন সংস্করণে মিনি-এলইডি প্রযুক্তি, উন্নত উজ্জ্বলতা এবং রঙের মান বৃদ্ধি নিয়ে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ডিবিটেক/বিএমটি