শেয়ারবাজারে এলো মিমকয়েন
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা প্রচলিত ব্রোকারেজের মাধ্যমে মিমকয়েনে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। আরইএক্স ফাইন্যান্সিয়াল ও অসপ্রে ফান্ডস যৌথভাবে ডোজকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালু করেছে, যা বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনেই প্রায় ১৮ মিলিয়ন ডলারের লেনদেন হয়, যা চলতি বছরের বহু নতুন ইটিএফকে ছাড়িয়ে গেছে। খবর ওয়্যারড।
প্রায় এক দশক আগে রসিকতা হিসেবে চালু ডোজকয়েন বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি। আরইএক্স ও অসপ্রের প্রধান নির্বাহী গ্রেগ কিং বলেন, বাজারে বিদ্যমান চাহিদাকে নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ।
তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, মিমকয়েনের কোনো প্রকৃত আর্থিক ভিত্তি নেই এবং এর দাম কেবল বিনিয়োগকারীদের মানসিকতার ওপর নির্ভরশীল। সমালোচকরা মনে করছেন, এসইসির সাম্প্রতিক অনুমোদন সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদে টেনে নিতে পারে।
এসইসি চেয়ারম্যান পল অ্যাটকিন্স জানিয়েছেন, নতুন অনুমোদন যুক্তরাষ্ট্রের মূলধন বাজারকে ডিজিটাল সম্পদ বিনিয়োগে আরও উন্মুক্ত করবে এবং বিনিয়োগকারীদের জন্য বিকল্প বাড়াবে। তবে দীর্ঘমেয়াদে এটি কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
ডিবিটেক/বিএমটি





