এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ-হংকং ম্যাচে টেকনো
জাতীয় ফুটবলকে সমর্থন এবং সারা দেশের ভক্তদের সাথে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে অংশীদার চুক্তি করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এজন্য বাংলাদেশে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের টাইটেল স্পনসর হিসেবে চুক্তি স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সহ টেকনো এবং বাফুফে’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭ সেপ্টেম্বর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পার্টনারশিপের অংশ হিসেবে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম হংকং এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পনসর হবে টেকনো। এর আগে এ বছর অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভুটান ও বাংলাদেশ বনাম সিঙ্গাপুর কোয়ালিফায়ার ম্যাচের স্পনসর হওয়ার পর, এই স্পনসরশিপ টেকনোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও এর উত্সাহী ভক্তদের সাথে ব্র্যান্ডটির সম্পর্ক আরও গভীর হয়েছে।
এই পার্টনারশিপের বিষয়ে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “এএফসি এশিয়ান কোয়ালিফায়ার-এর অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশের ফুটবলের সাথে যাত্রা অব্যাহত রাখতে পেরে টেকনো অত্যন্ত উচ্ছ্বসিত। কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পনসর হওয়ার মাধ্যমে জনপ্রিয় এই খেলার প্রতি টেকনো’র প্রতিশ্রুতি এবং আমাদের ব্র্যান্ড স্পিরিট ‘স্টপ অ্যাট নাথিং’ থিমের প্রতিফলন ঘটেছে।”
পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “দেশের ফুটবলের জন্য টেকনো’র অব্যাহত সহায়তাকে আমরা স্বাগত জানাই। এই ধরনের পার্টনারশিপ আমাদের দেশে খেলাধুলার উন্নয়নে এবং তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”







