মিলবে সর্বোচ্চ ১০ লাখ টাকার বিনিয়োগ 

ডিজিটাল এসএমইদের জন্য জাতিক ক্যাপিটাল স্কিম চালু

ডিজিটাল এসএমইদের জন্য  জাতিক ক্যাপিটাল স্কিম চালু
৩ মে, ২০২৫ ২৩:৪১  
৪ মে, ২০২৫ ০৯:৩০  

দেশের ক্ষুদ্র ও মাঝারি ডিজিটাল উদ্যোক্তাদের (এসএমই) জন্য রেভিনিউ-শেয়ারিং মডেলে সুদ ও নির্দিষ্ট সময়সীমা মুক্ত বিনিয়োগ সুবিধা চালু করেছে বাংলাদেশ-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জাতিক লিমিটেড।  এ জন্য চালু করেছে জাতিক ক্যাপিটাল নামে একটি নতুন বিনিয়োগ স্কিম।

অবশ্য এই বিনিয়োগ পাবেন কেবলমাত্র জাতিকইজি’র সেবাগ্রহণকারী মার্চেন্টরা। নিজেদের এআই ভিত্তিক মডেল ব্যবহার করে ১০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

এক্ষেত্রে, উদ্যোক্তাকে জাতিকইজি প্ল্যাটফর্মে অন্তত ৪ মাস সক্রিয় থাকতে হবে এবং তাদের বিক্রয় পারফরম্যান্স স্থিতিশীল হতে হবে। এছাড়া, তাদের জাতীয় পরিচয়পত্রের মতো কেওয়াইসি প্রক্রিয়া যথাযথভাবে পূরণ করতে হবে এবং ব্যবসায়ের সঠিক তথ্য সরবরাহ করতে হবে।

এ বিষয়ে জাতিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মনি বলেন, “প্রযুক্তিগত দক্ষতা না থাকার পরও উদ্যোক্তারা যেন ডিজিটালভাবে বিকশিত হতে পারেন এবং নিজেদের ব্যবসা পরিচালনায় ডিজিটাল মাধ্যমকে অগ্রাধিকার দেয়ার সুযোগ গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে জাতিক লিমিটেড। ইতিমধ্যেই ১ লাখেরও বেশি সক্রিয় মার্চেন্টকে ডিজিটাল কমার্সের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন আমরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকশিত হতে চাওয়া উদ্যোক্তাদের সাথে একযোগে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, সফল হতে গেলে একসাথে কাজ করা অত্যন্ত জরুরি। আমরা তাই, আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তাদের সাথে একত্রে বিকশিত হতে চাই। আমরা আমাদের মার্চেন্টদের ব্যবসায়িক সাফল্যের অংশীদার হতে চাই; তাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করার ক্ষেত্রে অবদান রাখতে চাই।”