হোয়াটসঅ্যাপে নির্ভরশীল দেশের তারকারা

৭ মে, ২০২০ ১৩:৪৬  
সোশ্যাল মিডিয়ায় নয়, লকডাউনে হোয়াটসঅ্যাপেই বেশি স্বাচ্ছন্দবোধ করছেন মৌসুমি-সাকিবের মতো তারকরা। ফেসবুকের চেয়ে শিল্পীদের ব্যবহার তালিকায় এগিয়ে আছে ইনস্ট্যাগ্রাম। এদের মধ্যে ইউটিউব, নেটফ্লিক্সে সিনেমা দেখা আর হোয়াটসঅ্যাপে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাসরত মা ও দুই বোনের সঙ্গে যোগাযোগ রাখছেন চিত্রনায়িকা মৌসুমী। ফেসবুক-ইনস্টাগ্রামে তার কোনো অ্যাকাউন্ট নেই। স্বামী চিত্রনায়ক ওমর সানীর কাছ থেকে জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরা-খবর। পাশাপাশি বাসায় বসেই হোয়াটসঅ্যাপে যোগ দিচ্ছেন বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানে। একইভাবে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে নিয়মিত হলেও ফেসবুকে অনুপস্থিত অভিনেত্রী তানজিন তিশার মতো অনেক শিল্পীই। ফেসবুক আর ইনস্ট্যাগ্রামে সময় না কাটিয়ে- সিনেমা দেখে, গান শুনে আর হোয়াটসঅ্যাপে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন গত ২১ মার্চ থেকে স্বেচ্ছা ঘরবন্দী থাকা সাকিব খানও। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার যে পেজগুলো রয়েছে এগুলো পরিচালনা করেন অন্যরা।