সোশ্যাল মিডিয়ায় বদলেছে ঈদের প্রচলিত শুভেচ্ছা বার্তা!

১৪ মে, ২০২১ ১২:৩৯  
অতিমারি করোনা আর ইসরাইলি আগ্রাসনে ঈদের শুভেচ্ছা বিনময়ে ডিজিটাল মাধ্যমে বদলেছে প্রচলিত ভাষা, ছবি ও জিআইএফ। সংকীর্ণতা ছাপিয়ে ঈদ-উল-ফিতর এ উচ্চারিত হচ্ছে ‘সুরক্ষা’ আর ‘কল্যাণ’ বার্তা। ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমগুলোতে ধ্বনিত হচ্ছে বিশ্বশান্তির দূতের অমোঘ উক্তি- ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যার ওয়ালে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে এই বার্তা বিনিময়ের পাশাপাশি করোনা মুক্তি কামনা, ঘরেথাকার আহ্বান, পরিবার ও স্বজনদের নিরাপদ রাখতে চেষ্টা করতে বলতে দেখা গেছে। আর দেখা গেছে এক বছরে যারা স্বজন হারিয়েছেন তাদের বেদনা ঢেকে ঈদের শুভেচ্ছা জানাতে। সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় যৌথ আক্রমণের নিন্দা। প্রতিবাদ। ক্ষোভ। হামলায় ‘ড্রোন’ ও আধুনিক প্রযুক্তির দূর নিয়ন্ত্রিত ‘মারণাস্ত্র’ ব্যবহারে উদ্বেগ বেড়েছে ভবিষ্যত পৃথিবী নিয়ে। এছাড়াও কেউ কেউ আবার ঘরেই পরিবার নিয়ে ঈদের জামাতের ছবি পোস্ট করেছেন। ঈদে কল্যাণকামীতার ১৫ মিনিট ০৫ সেকেন্ডের ভিডিও বার্তায় জাতীয় কবি কাজী নজরুলের কবিতায় বিত্তবানদেরকে দিল-শহীদ হতে উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আবৃত্তি করেছেন- ‘বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ!/আমার দানের অনুরাগে রাঙা ঈদগা' রে!/সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে/দেহ নয়, দিল হবে শহীদ।” ফেসবুক ভেরিফাইড পেজে প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপনের আহ্বান জানিয়েছেন অলাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান। স্মৃতিকাতরতার স্বাক্ষর দিয়ে বাংলাদেশ পোস্ট কার্ডে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এক মিনিট ১৮ সেকেন্ডের ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছায় করোনাভাইরাস প্রতিরোধের কৌশল জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ধরণীর সকল প্রাণে শান্তি কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন। ‘শীঘ্রই সেরে উঠুক প্রিয় ধরণী’ এমন আশা ব্যক্ত করে পোস্ট দিয়েছেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান - আদেল। অপরদিকে কলামিস্ট ব্রিগেডিয়ার জেনারেল শহীদ ইসলাম ঈদের শুভেচ্ছা বার্তায় ওআইসি-কে অবশ্যই আল আকসা ডিফেন্স ফোর্স গঠনে আহ্বান জানিয়েছেন।