সভাপতির বক্তব্যে ব্যাংক খাতে নিষিদ্ধ সিটিও ফোরাম

৩ মার্চ, ২০২১ ১৯:৩৬  
ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরামের সঙ্গে ব্যাংকগুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেউ সিটিও ফোরামের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করে ১১ মার্চের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। এছাড়া ১৩ মার্চের মধ্যে কোনো কর্মকর্তা সিটিও ফোরাম বাংলাদেশের সদস্যপদ বা কোনো কমিটির সদস্য হিসেবে সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়নসহ ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগে জানাতে বলা হয়েছে। সিটিও ফোরাম নিয়ে হঠাৎ এমন চিঠিতে ব্যাংকগুলোতে একধরনের অসন্তোষ তৈরি হয়েছে। কেননা প্রায় সব ব্যাংকের প্রযুক্তি কর্মকর্তারা এই ফোরামের সদস্য। এদিকে এই চিঠি প্রত্যাহার করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে বুধবারই একটি আবেদন করেছেন সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার।