রাজশাহীতে আইটি ইনকিউবেশন উদ্বোধন

১২ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৩৭  
আজ রাজশাহীতে উদ্বোধন হচ্ছে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। বুধবার (১২ ফেব্রুয়ারি)  সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেন্টারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সিনিয়র সচিব  এন এম জিয়াউল আলম পিএএবাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।  হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম জানান, ৭২ হাজার বর্গফুটের শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টারে ইতোমধ্যে ৫টি কোম্পানিকে স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে, যারা সফটওয়্যার নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো চিপ ডিজাইন করছে। এই ভবনে স্টার্টআপদের জন্যও স্পেস রাখা হয়েছে। এখানে ইতোমধ্যে ১০০ জন কাজ করছে। আরও প্রায় ৫০০ জনের কর্মসংস্থান হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়ন কাজের প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পবা উপজেলার নবী নগরে ৩০ দশমিক ৬৭ শতাংশ একর জমির ওপর এই হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে।

হাইটেক পার্কের প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল হক বলেন, ‘২০২১ সালের জুনে প্রকল্পটি সাফল্যজনকভাবে সম্পন্ন হওয়ার পর এতে ১৪ হাজার পুরুষ ও নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই সেন্টার ডিজিটাল বাংলাদেশ ও জ্ঞানভিত্তিক সোসাইটি গঠন এবং কর্মসংস্থানে সহায়তা করবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি পাওয়ার প্ল্যান্ট এবং ৭টি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নও উদ্বোধন করেন।