যুক্তরাষ্ট্রের আদালতে টিকটকের আপিল প্রত্যাখ্যান

১৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩  

টিকটকের জরুরি আবেদনে যুক্তরাষ্ট্রের আপিল আদালত শুক্রবার রায় দিয়েছে যে, অ্যাপটি নিষিদ্ধ হতে পারে এমন একটি আইনের কার্যকারিতা স্থগিত করা হবে না। এর ফলে চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি করতে হবে, না হলে অ্যাপটি নিষিদ্ধ হতে পারে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আপিল আদালতে টিকটক এবং বাইটড্যান্স গত সোমবার একটি জরুরি আবেদন জমা দেয়, যাতে তাদের মামলাটি সুপ্রিম কোর্টে উত্থাপন করার জন্য আরও সময় চাওয়া হয়েছিলো।

কোম্পানিটি সতর্ক করেছিলো যে, আদালতের পদক্ষেপ ছাড়া আইনটি কার্যকর হলে বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে ১৭০ মিলিয়ন ব্যবহারকারীর কাছে জনপ্রিয় একটি প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে।

কিন্তু আদালত শুক্রবার জানায় যে, টিকটক এবং বাইটড্যান্স এমন কোনো উদাহরণ দেখাতে পারেনি যেখানে আদালত কোনো আইন সাংবিধানিক চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করার পর সেটির কার্যকারিতা স্থগিত করেছে।

টিকটকের এক মুখপাত্র বলেছেন, আদালতের রায়ের পর তারা তাদের মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

নতুন আইনের অধীনে, বাইটড্যান্স ১৯ জানুয়ারির মধ্যে এর মালিকানা বিক্রি করতে না পারে তাহলে টিকটক নিষিদ্ধ হবে। একইসঙ্গে, আইনে মার্কিন সরকারকে আরও অন্যান্য বিদেশি মালিকানাধীন অ্যাপ নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা আমেরিকানদের ডেটা সংগ্রহের উদ্বেগ সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্র বলছে, চীনা নিয়ন্ত্রণাধীন টিকটক অ্যাপটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে টিকটক দাবি করেছে, এর ডেটা এবং কনটেন্ট ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এটি ওরাকল পরিচালিত ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা হয়।

ডিবিটেক/বিএমটি