মার্চ থেকে ডিজিটাল হচ্ছে বিমানের টিকেটিং, চেক-ইন

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:০৩  
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটিং, চেক-ইনসহ ‘প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের’ যাবতীয় সেবা এ বছরের মার্চ থেকে অনলাইনে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দিয়েছেন তিনি। এসময় তিনি বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড উন্মোচন করেন। শেখ হাসিনা বলেন, ‘২০২২ সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পেসেঞ্জার সার্ভিস সিস্টেমটাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দিচ্ছে। অনলাইনে টিকেটিং, রিজার্ভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক ইন—সবকিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। আজকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশে এই ব্যবস্থাটা আছে। আমরা এ ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম।’ বর্তমান সরকারের মেয়াদে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ৪টি বৃহৎ পরিসরের বোয়িং-৭৭৭-৩০০-ইআর, চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত ৪টি ৭৮৭-৮ ও ২টি ৭৮৭-৯-সহ মোট ৬টি ড্রিমলাইনার, ৬টি ৭৩৭-৮০০ এবং ৫টি ড্যাশ-৮-৪০০ উড়োজাহাজ রয়েছে বলে জানান সরকার প্রধান। সরকার প্রধান বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এবং দক্ষ জনবল দ্বারা অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার রিপ্লেসমেন্ট এবং বোয়িং ৭৮৭ এর সি-চেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এতে প্রচুর অর্থ সাশ্রয় হয়েছে। বাংলাদেশে গমনাগমনকারী সব এয়ারলাইন্সকে বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করে থাকে। একটি দক্ষ এবং অত্যন্ত কার্যকর গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট গড়ে তোলা হচ্ছে। চতুর্থ প্রজন্মের বিমান সংযুক্ত হওয়ায় যাত্রীদের আকাশে ওয়াইফাই সুবিধাসহ বিভিন্ন প্রকার ইনফ্লাইট বিনোদন সেবা প্রদান করা হচ্ছে। অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো.মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল বলাকা ভবনে এ অনুষ্ঠানে বক্তব্য দেন। অপরদিকে গণভবন প্রান্তে ডাক ও টিলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মোঃ খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।