বৈশ্বিক উদ্ভাবন সূচকে আরো এক ধাপ পেছাল বাংলাদেশ

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩২  

বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে (জিআইআই) এ বছর আরো একধাপ পিছিয়ে বিশ্বের ১৩৩টি দেশের মধ্যে ১০৬তম অবস্থানে নেমেছে বাংলাদেশ। ২০২৩ সালেও তিন ধাপ পিছিয়ে ১৩২টি দেশের মধ্যে ১০৫তম ছিলো। উদ্ভাবনী সূচকে বাংলাদেশ এবারও প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে।

যদিও ২০২০ ও ২০২১ সালে জিআইআই সূচকে বাংলাদেশের ১১৬তম অবস্থানে ছিল। ২০২২ সাল ১৪ ধাপ এগিয়ে এ র‍্যাঙ্কিংয়ে ১০২তম অবস্থানে উঠে আসে।

মোট ৮০টি নির্দেশকের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে এই বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)। এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার ও ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি, সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়। মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র ১৯.১। এর মধ্য অবকাঠামোতে ২৯.৮; সৃজনশীল আউটপুটে ১৫.৭; পরিশীলিত বাজারে ২৩.৯৩; জ্ঞান ও প্রযুক্তিতে ১৩.৭৫; ইনস্টিটিউশনে ৩০.৪৫; পরিশীলিত ব্যবসায় ১৩.৪৯ এবং মানব সম্পদ গবেষণায় ১১.৩৯ নম্বর পেয়েছে।

ডব্লিউআইপিও জানিয়েছে, বিগত চার বছরে জিআইআই সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ৯৭ থেকে ১১২ তম অবস্থানের মধ্যে। এর মধ্যে গত বছরের শেকে জিআইআই সূচকে এক ধাপ পেছালেও উদ্ভাবনী যোগানে অবস্থান অপরিবর্তিত রয়েছে। কিন্তু উদ্ভাবনী উৎপাদনের (আউটপুট) ক্ষেত্রে তিন ধাপ পিছিয়েছে।

এছাড়াও বিশ্বের নিম্ন মধ্যবিত্ত ৩৮টি দেশের মধ্যে জিআইআই ২০২৪ সূচকে বাংলাদেশের অবস্থান ২২তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০টি অর্থনীতির মধ্যে ৮ম।