বাংলাদেশ থেকে ইউরোপের বৃহত্তম টেক এক্সপোতে যাচ্ছে যারা
আগামি ২২মে প্যারিসে বসছে ভাইভাটেক এক্সপোজিশন। বিভিন্ন দেশের টেক উদ্যোক্তা ও বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এবার উদ্ভাবনী প্রদর্শনীতে যোগ দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম সারির টেক ও সফটওয়্যার কোম্পানি, রাইজআপ ল্যাবস ব্রেন স্টেশন ২৩, বি.জে.আই.টি লিমিটেড ও আস্থা আইটি’র পাশাপাশি আরো কিছু টেক কোম্পানি অংশ নিচ্ছে চার দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ইউরোপের সবচেয়ে বড় টেক স্টার্টআপ ইভেন্টে।
ইভেন্ট ওয়েবসাইট বলছে, ইভেন্টে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের জবাব দেবেন টেকটাইকুন ইলন মাস্ক। বাদ থাকছেন না গুগল’র সহ প্রতিষ্ঠাতা এরিক স্মিথ, আমাজন সিটিও ওয়ারেন ভগেলস, মেটার চিফ এআই সাইন্টিস্ট ইয়ান লিকুন, শপিফাই প্রেসিডেন্ট হার্লি ফিঙ্কেস্টেইনও।
ভাইভাটেকে অংশগ্রহণ করাকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরশাদুল হক। তার ভাষ্য, উদ্ভাবনের সাথে জুড়ে থাকা এবং শ্রেষ্ঠত্ব প্রদান করা আমাদের মিশনের একটি মৌলিক অংশ। সেই জন্যেই এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের প্রতি আমাদের দৃঢ় আগ্রহ, যেখানে একটি গ্লোবাল কমিউনিটির সাথে নেটওয়ার্ক করার, উদ্ভাবনী কার্যপ্রক্রিয়াগুলো কাছ থেকে দেখার, এবং সুযোগকে লুফে নেওয়ার জন্য আছে বিরাট অপরচুনিটি। এ ছাড়াও, আইটি ও উদ্ভাবনে আমাদের দেশের অগ্রগতিকে তুলে ধরার এই সুযোগে আমরা অনুপ্রাণিত।
বিশ্বের ১৭০টির ও বেশি দেশ থেকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে ইউনিকর্ন এবং সেন্টোর প্রায় সাড়ে ১১ হাজার স্টার্ট-আপ এবং বিশ্বের বড় সব কর্পোরেশন অংশ নিচ্ছে এবারের ইভেন্টটিতে। নতুন উদ্ভাবন, প্রযুক্তিগত সমাধান এবং যুগান্তকারী সব প্রযুক্তিগুলো শোকেজ করবে প্রদর্শকেরা। নতুন সব উদ্ভাবন এবং প্রতিষ্ঠানগুলোকে ফান্ড করার জন্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট ফান্ড এবং এঞ্জেল ইনভেস্টর সহ ২,৬০০র ও বেশি ইনভেস্টর উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।
ভাইভাটেক বড় সব বিজনেস ডিল সাইন হওয়ার জন্য বিখ্যাত। ভাইভাটেকের ওয়েবসাইট অনুযায়ী এক্সিবিটররা বছরের ২৫% লিড জেনারেট করে থাকে এই ইভেন্টের মাধ্যমে। প্রযুক্তির অপার সম্ভাবনায় বিশ্বাসী যারা, তাদেরকেই আকৃষ্ট করে এই ইভেন্টটি। এ.আই, ওয়েব ৩.০, সাইবার সিকিউরিটি, অটোমেশন এবং বিভিন্ন সব যুগান্তকারী উদ্ভাবন প্রদর্শনীর মাধ্যমে ক্লায়েন্ট ফার্মরা প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যায় এবং বেছে নেয় তাদের নতুন কর্পোরেট পার্টনার।







