ফেসবুকে এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৩৬  
হঠাৎ করেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব। অসৎ উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি এ গুজব ছড়ায় বলে ধারণা করা হচ্ছে। যাচাই-বাছাই না করেই অনেকে কিংবদন্তি এ কণ্ঠশিল্পীর মৃত্যুর এ ভুয়া খবর ফেসবুকে শেয়ার করেন। ফলে গুজবটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এন্ড্রু কিশোর ভালো আছেন। এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন ও শিষ্য মোমিন বিশ্বাস জানান, তিনি সুস্থ আছেন, ভালো আছেন। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধও জানিয়েছেন মোমিন বিশ্বাস। তিনি বলেন, ‘সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এন্ড্রু কিশোর এখনো ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।’