ফিরছে মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক

২৫ আগষ্ট, ২০২৪ ১০:৫৬  

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১২ জেলা। এসব জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেলিযোগাযোগ সেবা। ফলে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা। পানিতে আটকা পড়া অসহায় মানুষ যোগাযোগ করতে পারছেন না স্বজনদের সঙ্গে। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ।

এই উৎকণ্ঠা ফিরিয়ে আনতে বিদ্যুতের অভাবে বিকল হয়ে পড়া মোবাইল টাওয়ার সচলে ফেনী জেলায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরগুলোকে বিনামূল্যে ডিজেল সরবরাহ করতে বিটিআরসি-কে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সেই নির্দেশনার সুফল ফিরতে শুরু করেছে রবিবার থেকে। ফলে এদিন সকাল ৯টার মধ্যে সচল হওয়া টাওয়ারের হার ২ শতাংশ বেড়েছে। ফলে সেখানে ৬৫টি টাওয়ারের মধ্যে এখন ৬৫টি চালু রয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি’র নিয়মিত হালনাগাদ মনিটরিং প্রতিবেদন বলছে, ফেনীর পাশাপাশি বন্যাকবলিত কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ অন্যান্য জেলাগুলোর পরিস্থিতি উন্নতির দিকে। জেলাগুলোতে বিদ্যুৎসংযোগ ফেরায় টাওয়ারগুলো ধীরে ধীরে সচল করা সম্ভব হচ্ছে।

 বিটিআরসির ইঞ্জিনিয়ারি অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লার ৬ শতাংশ, নোয়াখালীর ১০ শতাংশ ও লক্ষ্মীপুরের ৫.১ শতাংশ টাওয়ার অচল আছে। আক্রান্ত ১১টি জেলার মধ্যে খাগড়াছড়ির সাড়ে ১৬ শতাংশ টাওয়ার নিষ্কৃয় হয়ে আছে। শতকরা হারে গত ২৪ ঘণ্টায় মোট অসচল সাইটের মধ্যে ২.২ শতাংশ হারে সচল হয়েছে।